শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
এদিকে পূজার নির্ধারিত ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে ছুটির ক্যালেন্ডারে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি নির্ধারিত থাকলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।
আপনার মতামত লিখুন :