শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

যেসব এলাকায় মোতায়েন বিজিবি

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়ও বিজিবি মোতায়েন রয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সদর দপ্তর থেকে সরাসরি নজরদারি

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।