ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সে শর্ত পূরণেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে।
জানুয়ারির অধিবেশন সামনে রেখে সংক্ষিপ্ত আয়োজন
আগামী জানুয়ারিতে সংসদের নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের কার্যক্রম সীমিত রাখা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছরের জানুয়ারি মাসে সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী, ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।
কার্যউপদেষ্টা কমিটির বৈঠক সোমবার
অধিবেশন শুরুর দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের সংখ্যা, মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও আলোচনার জন্য সময় নির্ধারণ করা হতে পারে।
সংবিধান সংশোধনের প্রস্তাব উঠছে না
বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে না। সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে এ প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :