এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণের পর সদস্যদের পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এসআরবিকে জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে এসআরবি ফোর্সেসের সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন নতুন মহাপরিচালক।

এ সময় তিনি বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশে ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবন

এসআরবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএসের ১৭তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে ফারুক আহমেদ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।