ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের উদ্যানের দিকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে আরেকটি বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণের পর তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের সঙ্গে আরও তিনজন দৌড় দেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন।
তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের কাছ থেকে কোনো বিস্ফোরক উদ্ধার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আপনার মতামত লিখুন :