হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজ চলাচল ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে চারটি ট্যাংকারের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি এ তথ্য জানায়। তবে ট্যাংকারগুলোর পরিচয়, অবস্থান কিংবা কীভাবে সেগুলোর চলাচল বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে নিজেদের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষই বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
ইরানের দাবি, প্রণালির উত্তর অংশে নিজেদের উপকূলসংলগ্ন নৌপথ ব্যবহার করতে হলে বাণিজ্যিক জাহাজগুলোকে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে। তবে ওই পথ ব্যবহারকারী কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, জাহাজগুলো দক্ষিণের নৌপথ ব্যবহার করছিল।
গত কয়েক সপ্তাহে ইরানি কর্তৃপক্ষ একাধিকবার দাবি করেছে, দক্ষিণের নৌপথ ব্যবহারকারী জাহাজগুলো সমুদ্রের মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। এতে কয়েকটি জাহাজে আগুন ধরে যায় বলেও জানিয়েছে তারা।
জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও দক্ষিণের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ লঙ্ঘনের অভিযোগে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের ভাষ্য, ইরানের তেল ও গ্যাস বিক্রি বন্ধ করতেই এ অবরোধ আরোপ করা হয়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির ঠিক পূর্বে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করেন এবং ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা চালান।
সূত্র: সিবিএস নিউজ।
আপনার মতামত লিখুন :