দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন। এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
অন্যদিকে, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭৩ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন মোট ৪৯৯ জন।
আপনার মতামত লিখুন :