মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও তাদের বাণিজ্যিক জাহাজ ইরানের হামলার হুমকিতে পড়লে যেকোনো সময় দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি প্রয়োজন হলে ‘এই মুহূর্তেই’ সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, মধ্যপ্রাচ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের মিত্র ও তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকির মুখে রাখে, তবে সেই হুমকি মোকাবিলায় শক্তি প্রয়োগ করতে তিনি দ্বিধা করবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সেক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেব। এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।’
গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি দাবি করে ট্রাম্প বলেন, পারস্য উপসাগরের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসনব্যবস্থা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৯ সালের জানুয়ারিতে তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না হলে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ছে।
তিনি দাবি করেন, ইরানের গণমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। দেশটিতে মূল্যস্ফীতির হার ৩০১ শতাংশে পৌঁছেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং সরকার সেনাদের বেতন দিতে পারছে না। এ ছাড়া ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
ইরানের বর্তমান নেতৃত্ব তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকলে সেটিকে নিজের ব্যর্থতা হিসেবে দেখবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’
এদিকে ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পরই শুক্রবার ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটির বিভিন্ন ভবনেও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি ইরান। শুক্রবারের হামলার মধ্য দিয়ে প্রায় দুই মাসের সেই বিরতি শেষ হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা ও রয়টার্স।
আপনার মতামত লিখুন :