নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও গাছ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন শেখ সাহেদ। প্রায় চার বছর ধরে এ সমস্যার কারণে নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৪ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু, হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহ ও সংক্রমণসহ নানা জটিলতা দেখা দেয়। বৃহস্পতিবার গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার সকালে মারা যান এই সংগীতশিল্পী।
জানা গেছে, শুক্রবার বাদ আসর রাজধানীর গোপীবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সংগীতজগতে শেখ সাহেদ ‘রোকযানা’ নামে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকে তার গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। গাছ ব্যান্ড প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের ব্যান্ডসংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন শেখ সাহেদ।
আপনার মতামত লিখুন :