সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

আশা জাগিয়েও হারের তিক্ততা টাইগারদের


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

মিরপুরে শেষ ম্যাচে লড়াই জমালেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

বাংলাদেশ ম্যাচের শুরুটা দারুণ করে। মাত্র ৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে টাইগার বোলাররা। তবে সেই চাপ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বেভন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। তাকে সহায়তা করেন ডিন ফক্সক্রফট, যিনি ১৫ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। তিনি ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী একটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটে ৮৬ রান থেকে ধস নেমে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ব্যাট হাতে অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৬ রান করেন। তাওহীদ হৃদয় ৩৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

নিউজিল্যান্ডের হয়ে জস ক্লার্কসন ৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচই নির্ধারণ করে সিরিজের ভাগ্য, যা শেষ পর্যন্ত সমতায় গড়ায়।