গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলা বন্ধ এবং এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি অভিযোগ করেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখা একই ধরনের হামলার শিকার হয়েছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তি দূর করার আহ্বান
বিবৃতিতে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের হাতে রয়েছে।
ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা কিংবা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃত উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য বিমোচনে এই মডেল অনুসরণ করা হয়েছে।
বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির প্রকৃত মালিক।
তার ভাষ্য, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং লাখ লাখ নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
হামলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ
বিবৃতিতে ড. ইউনূস দাবি করেন, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে ঘটনাগুলো পরিকল্পিত বলে মনে হচ্ছে।
তিনি জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের লাখ লাখ নারী ঋণগ্রহীতার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
অন্যান্য স্থাপনা ও রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতেও হামলার অভিযোগ
ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা জোরদারের দাবি
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা নির্বিঘ্নে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
তিনি বলেন, হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :