বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আবদুর রহমান ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন তিন ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাহাত সাইফুল। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। ফলে ৯২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রাহাত। এ পদে অপর প্রার্থী অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক মহিব আল হাসান।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।
শুক্রবার দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। জুমার নামাজের বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ছিল আবদুর রহমান-রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল, অন্যটি কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর প্যানেল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।
আপনার মতামত লিখুন :