হাম-সংক্রান্ত রোগে মৃত্যু বেড়ে ১,৩৫২, একদিনে প্রাণ গেল ৯ জনের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এ নিয়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন।

নতুন শনাক্ত নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

অন্যদিকে, সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬। এ সময় পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।