২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশ করার লক্ষ্য: প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। একই সময়ে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য সংযোজন শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ সময় দেশে প্রথমবারের মতো গার্মেন্টশিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরুর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।

ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদন ব্যবস্থার উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ অথবা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে মেলার আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।

এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে।

ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও জানান, এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।