সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নাহিদ ইসলামের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম। বৈঠকে এনসিপির একটি প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন।

তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা সম্ভব কি না, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে জানান এনসিপি আহ্বায়ক।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।