কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গ্রহণ করে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি জানান, এআই ব্যবহার করে নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার পাশাপাশি তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।
অর্থমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আধুনিক রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। এআই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট সিটি নির্মাণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এআই খাতে সরকারের পরিকল্পনা
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী—
নাগরিক সেবা প্রদানে এআইভিত্তিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে।
সরকারি সিদ্ধান্ত গ্রহণে এআই-চালিত ডাটা সেন্টার ব্যবহার করা হবে।
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হবে।
শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।
স্মার্ট সিটি বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর সমাধান ব্যবহৃত হবে।
স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ
অর্থমন্ত্রী জানান, দেশের তরুণ জনগোষ্ঠীর সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং এআইভিত্তিক প্রযুক্তি উদ্যোগকে উৎসাহিত করা হবে।
আপনার মতামত লিখুন :