জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
ভাষণে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদানের বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি বলেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ উদ্যোগ
দেশের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি খাতের রূপান্তরে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানাসহ পরিবেশবান্ধব শিল্পের প্রসারে কাজ চলছে। বৈদ্যুতিক যানবাহন ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
বনায়ন ও নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন।
1. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন খাতে বরাদ্দ করা এবং নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা দেওয়া।
2. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
3. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
4. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।
5. কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
নারী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আহ্বান জানান।
সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান তারেক রহমান। জলবায়ু সম্মেলনে নেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :