হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৯৯ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। বাকি ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।