পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

দেশের পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। এ ছাড়া পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সদস্য জানতে চান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ৫৫ সদস্য।

তিনি আরও জানান, এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে।

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

চাঁদাবাজি বন্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।