হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৮ জন। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৪ হাজার ২১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে ফুসকুড়িসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।