সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

গেজেট প্রকাশের পর শপথ

এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারি গেজেট প্রকাশ করে।

ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চলতি দায়িত্ব) এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ১৮টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

হাইকোর্টের রায়ের পর পথ উন্মুক্ত

শপথের আগে একই দিনে হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। আদালতের এ রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণের মাধ্যমে সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন।