অভিনেতা সোহেল খানের মরদেহ বগুড়া থেকে ঢাকার ধামরাইয়ে নেওয়া হচ্ছে। সেখানে উপজেলার রাজাপুরে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সোহেল খান। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিচালক মো. ইকবাল অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সোহেল খানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ বগুড়া থেকে সরাসরি ধামরাইয়ে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তার মৃত্যুর পর সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরবর্তী সময়ে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন তিনি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কি!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।
হাস্যরসাত্মক অভিনয়, স্বতঃস্ফূর্ত সংলাপ উপস্থাপন ও প্রাণবন্ত পর্দা উপস্থিতির মাধ্যমে দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছিলেন সোহেল খান। তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :