ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সরকার শিগগিরই একটি সুনির্দিষ্ট নীতিগত নির্দেশনা জারি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনা কীভাবে আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করা যায়, তা নিয়ে সরকার পরীক্ষা-নিরীক্ষা করছে। চূড়ান্ত নির্দেশনা প্রণয়নের পর সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, রাজধানীতে সমন্বিত মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে ব্যাটারিচালিত যানবাহনের পরিচালনা ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে শওকত আরা আক্তার পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমাতে পর্যায়ক্রমে গণপরিবহনকে বিদ্যুৎ বা পরিবেশবান্ধব জ্বালানিচালিত যানবাহনে রূপান্তরের প্রস্তাব দেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বিদ্যুৎ, সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি আরও জানতে চান, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধ না করে সেগুলোর মানোন্নয়ন, চালকদের প্রশিক্ষণ এবং একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনা কী।
জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের। তবে এ বিষয়ে সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে এবং খুব শিগগিরই সরকার এ খাতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
আপনার মতামত লিখুন :