সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি যৌথ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজধানীর গুলশানে অবস্থিত ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে তালিকা তৈরির কাজ শুরু করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, আদালতের নির্দেশে এর আগে গুলশানের একটি ভবনের ৭ম ও ১১তম তলায় অবস্থিত ফ্ল্যাট দুটি ক্রোক (জব্দ) করা হয় এবং সেগুলোর জন্য একজন রিসিভার নিয়োগ দেওয়া হয়। বর্তমানে রিসিভারের দখলে থাকা ফ্ল্যাট দুটিতে থাকা আসবাব, ইলেকট্রনিক সামগ্রী, মূল্যবান দ্রব্যসহ সব মালামালের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় আদালতের নির্দেশ বাস্তবায়নে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ টিম এ অভিযান পরিচালনা করছে।
দুদক সূত্র জানিয়েছে, তালিকা প্রস্তুতের কাজ শেষ হলে তা আদালতে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। এরপর আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সম্পদ সংরক্ষণ, মূল্যায়ন বা অন্যান্য আইনগত কার্যক্রম পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :