ইরান যুদ্ধের অর্থায়নে ট্রাম্পকে ‘না’ ডেমোক্র্যাটদের, নজিরবিহীন রাজনৈতিক বিভাজন যুক্তরাষ্ট্রে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত প্রায় ৭০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়ে মার্কিন কংগ্রেসে আবেদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বিরোধী দল ডেমোক্র্যাটরা। ফলে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র দলীয় বিভাজনের এক সামরিক ইস্যুতে পরিণত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত গত একশ বছরে এই প্রথম কোনো বড় রাজনৈতিক দল যুদ্ধের শুরু থেকেই সম্মিলিতভাবে সামরিক অভিযানের বিরোধিতা করছে। ডেমোক্র্যাটরা শুধু অতিরিক্ত অর্থ বরাদ্দে আপত্তিই জানায়নি, বরং সেনা প্রত্যাহারের দাবিতে ভোট দিয়েছে এবং প্রতিবাদস্বরূপ একটি বিস্তৃত প্রতিরক্ষা নীতিমালাও প্রত্যাখ্যান করেছে। ওই নীতিমালায় সেনাসদস্যদের বেতন বৃদ্ধির মতো যুদ্ধ-সম্পর্কহীন বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

বিশ্লেষকদের মতে, এ অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে যুদ্ধ চলাকালে সেনাবাহিনীর প্রতি সমর্থন না দেওয়ার অভিযোগ এড়াতে ডেমোক্র্যাটরা সাধারণত এমন কঠোর অবস্থান নিত না।

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, সাধারণ মার্কিন নাগরিকদের একটি বড় অংশ—এমনকি অনেক রিপাবলিকান সমর্থকও—ইরান যুদ্ধ নিয়ে তাদের অবস্থানের সঙ্গে একমত। তাদের মতে, আগামী নভেম্বরের নির্বাচনে এ যুদ্ধ বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।

অন্যদিকে ডেমোক্র্যাটদের অবস্থানের কড়া সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তিনি বলেন, অস্ত্রের মজুত কমে যাওয়া এবং ইরান অভিযানের জন্য জরুরি অর্থের প্রয়োজন থাকা সত্ত্বেও পেন্টাগনের অর্থায়ন আটকে দেওয়া দায়িত্বজ্ঞানহীন ও লজ্জাজনক।

ডেমোক্র্যাটদের বিরোধিতার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। দলটি এখন বিদেশে সামরিক সম্পৃক্ততার বিষয়ে আগের তুলনায় অনেক বেশি সতর্ক। পাশাপাশি ইরানের প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের প্রতি আগের মতো সমর্থনও নেই।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার কৌশল নিয়েও ডেমোক্র্যাটদের গভীর অনাস্থা রয়েছে। তাদের অভিযোগ, ইরান অভিযান ঘিরে প্রশাসনের সিদ্ধান্ত ও কৌশল নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। ফলে যুদ্ধের অর্থায়নসহ সংশ্লিষ্ট পদক্ষেপে তারা সমর্থন দিতে রাজি নয়।