সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিউটির সময় কিংবা ডিউটি শেষে পার্কিং করা কোনো পুলিশি যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা বা অবহেলা করা যাবে না।

এতে আরও বলা হয়, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশের সদস্যদের নজরদারিতে রাখতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।

এছাড়া থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।