উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


শাখাওয়াত খাঁন প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ২:১৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের স্মৃতিচিহ্ন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও এবং আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন ঘটনা ও ২০২৪ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহও বিভিন্ন গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন কক্ষ, করিডোর, বারান্দা ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংরক্ষিত উপকরণ সম্পর্কে খোঁজখবর নেন।

জাদুঘরে আরও স্থান পেয়েছে গুম, রাষ্ট্রীয় দমন-পীড়ন, বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার বিভিন্ন তথ্য ও আলোকচিত্র। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ-সংক্রান্ত ঘটনাবলিও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান।

বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। দর্শনার্থীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে জাদুঘর পরিদর্শন করতে পারবেন। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।