দুই-তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেলেই গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এফএসআরইউর মেরামতকাজ বিকেলের মধ্যেই শেষ হবে। এরপর গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেসার) স্বাভাবিক হবে এবং বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি বলেন, “এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, দুই-তিন দিনের মধ্যে আবার সেই অবস্থায় ফিরে আসবে।”

বিদ্যুৎ উৎপাদনের ওপরও গ্যাস সংকটের প্রভাব পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্যাসের অভাবে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সরবরাহ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আবার চালু করা হবে। ফলে বিদ্যুৎ উৎপাদনও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।