২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে তারা জাতির আস্থার প্রতীক হয়ে উঠেছে।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক সংকটময় মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।
তিনি বলেন, এ কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
বাণীতে তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় ঘটনা। সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় ছিল বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিভিন্ন অপচেষ্টার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণও কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :