প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একাত্তর টেলিভিশন-এর চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেন। সমনে আসামিদের আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটি করেন একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার। মামলার অন্য দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার ও হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।
পাওনা টাকা নিয়ে বিরোধ
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১ মে একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে যোগ দেন বাবুল আক্তার। অভিযোগে বলা হয়, কোনো নোটিশ ছাড়াই ১২ মে তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।
এরপর পাওনা টাকা আদায়ে গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান তিনি। মামলার নথি অনুযায়ী, তার মোট পাওনা ছিল ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকা। এর মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করা হলেও ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া থেকে যায়।
অভিযোগে বলা হয়েছে, বকেয়া টাকা পরিশোধের জন্য আসামিদের মৌখিকভাবে জানানো হলে তারা দ্রুত টাকা দেওয়ার আশ্বাস দেন। তবে পরবর্তী সময়ে টাকা পরিশোধে টালবাহানা করা হয়।
টাকা চাইতে গিয়ে হুমকির অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিকেলে বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে পাওনা টাকা চাইতে যান বাবুল আক্তার। এ সময় আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আবার পাওনা টাকা দাবি করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করেছেন বাদী।
আদালতের জারি করা সমনের পর মামলাটিতে আগামী ১৩ আগস্ট আসামিদের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :