আইয়ুব বাচ্চুর সুর বিকৃতি: রূপালী গিটার চত্বরে মৌন প্রতিবাদ, মূল অ্যালবাম প্রত্যাহারের জোরালো দাবি


​বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

কিংবদন্তি রকতারকা আইয়ুব বাচ্চুর কালজয়ী সুর ও সংগীতের স্বকীয়তা রক্ষায় রুখে দাঁড়িয়েছেন চট্টগ্রামের সংগীতশিল্পী ও অনুরাগীরা।

সম্প্রতি প্রকাশিত ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকারে’ এলআরবি প্রধানের আইকনিক গানগুলোর মূল সুর ও অনুভূতি বিকৃত করার অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো সঙ্গীতাঙ্গনে। এই ঘটনার প্রতিবাদে এবং বিতর্কিত অ্যালবামটি অবিলম্বে বাজার ও ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহারের দাবিতে আইয়ুব বাচ্চু স্মরণে স্থাপিত বন্দরনগরীর রূপালী গীটার চত্বরে এক ব্যতিক্রমী মৌন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘ভয়েস ফর এবি’।

​শুক্রবার বিকেল ৫টায় নগরীর প্রবর্তক মোড়ের ঐতিহাসিক ‘রূপালী গিটার চত্বরে’ এই মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। আইয়ুব বাচ্চুর স্মৃতি বিজড়িত এই চত্বরে সমবেত হন চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের খ্যাতনামা শিল্পী, মিউজিশিয়ান ও হাজারো সংগীতপ্রেমী। হাতে বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে নীরবে দাঁড়িয়ে তারা সংগীতের প্রতি এই অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

​এর আগে রুটস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সংগীতশিল্পী হাফিজ আহমেদ মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই প্রতিবাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

​সমাবেশ থেকে আয়োজক ও শিল্পীরা স্পষ্ট বার্তা দেন—এই আন্দোলন ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং বাংলা রক সংগীতের ঐতিহ্য ও অমূল্য সম্পদ রক্ষার লড়াই। শিল্পীরা বলেন:

​”নতুন প্রজন্ম আইয়ুব বাচ্চুর গান গাইবে, কভার করবে—এতে কারোরই আপত্তি নেই। কিন্তু ট্রিব্যুটের নামে গানের মূল সুর, আবেগ ও আত্মাকে বিকৃত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মূল গান ও সুর আমাদের সত্তার অংশ। আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে ধারণ করতে হলে তাঁর সংগীতের মান ও স্বকীয়তা অক্ষুণ্ন রাখতে হবে।”

​প্রতিবাদকারীরা অবিলম্বে ‘উত্তরাধিকার’ অ্যালবামের বিতর্কিত গানগুলো পুনর্বিবেচনা করে বাজার থেকে তা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে সুরের এই মহীরুহের সৃষ্টিকে আগামী প্রজন্মের জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে আইয়ুব বাচ্চুর নামে একটি সর্বাধুনিক ‘সংগীত একাডেমি’ বা ‘ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়। যেন ভবিষ্যতে এসব একাডেমি থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তর্জাতিক মানের মিউজিশিয়ান তৈরি হতে পারে ।

​কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গান এভাবে বিকৃতির শিকার হওয়া ব্যান্ডসংগীত ইন্ডাস্ট্রির জন্য এক বড় সতর্কবার্তা। চট্টগ্রামের এই প্রতিবাদী কণ্ঠস্বরগুলো দেশের প্রতিটি মানুষের মনে একটাই প্রশ্ন তুলে দিয়েছে—বাংলা গানের ঐতিহ্য রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো কি এবার সত্যি জেগে উঠবে?