আবারও জামিন পাননি বিদিশা সিদ্দিক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেও জামিন পেলেন না সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। আপিলের শর্তে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে বিদিশার জামিন আবেদন নাকচ করেন।

বিদিশার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করেন।

বিদিশার আইনজীবী মনিরুজ্জামান সবুজ বলেন, তারা সাজার বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চেয়েছিলেন। তবে আদালত তা মঞ্জুর করেননি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি।

আরেক আইনজীবী মো. মাহমুদুল কবির বলেন, বিদিশার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে এবং তিনি একজন নারী—এসব বিবেচনায় জামিনের আবেদন করা হয়েছিল। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাজার সময় বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আইনজীবীরা আপিলের শর্তে জামিনের আবেদন করেন। তবে আদালত সেই আবেদনও নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।