দেশের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট হতে পারে। এ ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে এবারের ইউপি নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় সাত ধাপে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণ করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।
পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়।
নির্বাচন কমিশনার বলেন, ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়নি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে তফসিল ঘোষণা করা হবে। তখন ভোটের তারিখসহ মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিস্তারিত সময়সূচি জানা যাবে।
আপনার মতামত লিখুন :