৫১তম বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫১তম বিসিএস (বিশেষ)-এর আবেদন প্রক্রিয়া। এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫১তম বিসিএস (বিশেষ)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিশেষ বিসিএসটি শুধু স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য আয়োজন করা হচ্ছে। এতে মোট ৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্তসহ বিস্তারিত তথ্য সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।

স্বাস্থ্য ক্যাডারে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগের এই বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি চিকিৎসাসেবায় নতুন জনবল যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।