বাংলাদেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি এসেছে। ১২টি আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
এলওআই পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান (ডিকে), কোরি ডিজিটাল এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারীদের প্রকাশিত তালিকায় বিকাশ, রবি, বাংলালিংক-স্কয়ারসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদনকারীর মধ্য থেকে পাঁচটিকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করে।
লেটার অব ইনটেন্ট (এলওআই) হলো বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি আনুষ্ঠানিক ও শর্তসাপেক্ষ অনুমোদনপত্র। এর মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু করার সুযোগ পায়।
আপনার মতামত লিখুন :