দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৮ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ জন, রাজশাহী বিভাগে ১৭৯ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ১১৩ জন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগও বাড়ছে।
আপনার মতামত লিখুন :