দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃতদের মধ্যে ১০২ জনের মৃত্যু নিশ্চিত হামে, আর ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ফলে দেশে হাম ও এর উপসর্গের বিস্তার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :