অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার না করার অপরাধে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হিরাঝিল হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে ছিল। পাশাপাশি ঢাকনাবিহীন অবস্থায় ময়লা-আবর্জনার পাত্র রাখা ছিল।
এ ছাড়া হোটেলে লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদেরও কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
অভিযানে প্রতিষ্ঠানটি পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোল বা পোকামাকড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয় প্রমাণক দেখাতে পারেনি।
এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়।
আপনার মতামত লিখুন :