চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে চাপ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় গ্যাসের সরবরাহ কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। সামিট এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় গ্যাস সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ সরবরাহ কমতে পারে ৩২০ মিলিয়ন ঘনফুট। রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী চার দিন এ পরিস্থিতি থাকতে পারে।

গুজব ছড়ানো নিয়ে পেট্রোবাংলার উদ্বেগ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।

সংস্থাটি স্পষ্ট করেছে, দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না; কেবল সাময়িকভাবে সরবরাহ কমতে পারে। এ অবস্থায় জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার এবং গুজবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।