জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি দেখা, দাম তুলনা এবং সুযোগ-সুবিধা যাচাইয়ের সুযোগ নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান।
তিনি বলেন, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের জনপ্রিয় বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে। দেশের বিভিন্ন এলাকার আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ফলে ক্রেতারা একই জায়গায় একাধিক প্রতিষ্ঠানের গাড়ি দেখে মডেল, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন।
এবারের এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মডেল এবং প্রযুক্তির বিবর্তন তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে রিয়াজ রহমান বলেন, বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসার সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারের রাজস্ব আয়ের বিষয়ও জড়িত।
দেশে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির সুযোগ না থাকার বিষয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে সাত-আট বছরের পুরোনো গাড়ির অবস্থাও তিন-চার বছরের গাড়ির চেয়ে ভালো হতে পারে। তাই গাড়ির বয়সের পাশাপাশি নিরাপত্তা ও মান বিবেচনায় আমদানির বয়সসীমা নির্ধারণের নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, জাপানের ৬৬০ সিসির গাড়ির শুল্ক কমানো হলে ১০ থেকে ১২ লাখ টাকার মধ্যে এসব গাড়ি বিক্রি করা সম্ভব হবে।
বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বলেন, সারা দেশ থেকে বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নেবে। ক্রেতারা একই ছাদের নিচে নিজেদের বাজেট অনুযায়ী একাধিক মডেলের গাড়ি দেখার ও তুলনা করার সুযোগ পাবেন।
আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান রাসেল জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। নিবন্ধনের মাধ্যমে দর্শনার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
বারভিডা জানিয়েছে, রিকন্ডিশন্ড গাড়ির বাজার আরও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং জাপানি গাড়ির গুণগত মান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :