হামে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় উপসর্গ ১,৪৯২ জনের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন করে ৫৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের।

একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২ জনে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৫ জন।

এদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।