মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন নিয়ে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের নকশা ও কাঠামোগত ভিন্নতা বিবেচনায় সামনে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি সামনের রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতিও দেওয়া হয়েছে।
১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলাম এতে সই করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।
নম্বরপ্লেটের বিন্যাসে পরিবর্তন
সংশোধিত বিধিমালায় প্রচলিত বিন্যাসের পাশাপাশি মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং জেলা বা অঞ্চলের নাম ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।
প্রয়োজনে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে কর্তৃপক্ষ।
এ ছাড়া নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও সহজে শনাক্ত করার সুবিধার্থে রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন এই সংশোধন?
বর্তমানে বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম নয়। ফলে অনেক মোটরসাইকেলে প্রচলিত মাপের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন হয়ে পড়ছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাসসকে জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও ক্যামেরার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।
সংশোধিত বিধিমালা প্রকাশের ফলে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। তবে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট আকার, অক্ষরের মাপ ও বিন্যাস কী হবে, তা বিআরটিএর পরবর্তী নির্দেশনায় স্পষ্ট হবে।
আপনার মতামত লিখুন :