দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ও মৃত্যু
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে একই সময়ে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন। সব মিলিয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। অন্যদিকে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫।
হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৮ জন
গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে হাম পরিস্থিতিতে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :