গ্যাস ও জ্বালানীর মূল্যবৃদ্ধিতে উদ্দেগ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের বিবৃতি

দুই মাসে এলপিজির দাম ৪৭৫ টাকা বৃদ্ধি, অটোগ্যাসেও মূল্যবৃদ্ধি: জনজীবনে চরম চাপ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে দফায় দফায় গ্যাস ও জ্বালানীর মূল্যবৃদ্ধি সাধারন মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
মাত্র দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ২৫২ টাকা এবং নভেম্বরে ২২৩ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাড়িঁয়েছে ২,০৬০ টাকা। একই সঙ্গে অটোগ্যারে দাম লিটারপ্রতি ৭ টাকা ৩৩ পয়সা বৃদ্ধি করে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এভাবে স্বল্প সময়ের ব্যবধানে জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি জনসাধারণের ওপর এক অসহনীয় অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে। জাতীয় মানবাধিকার পরিষদ এ ঘটনার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। গ্যাস ও জ্বালানি কোনো বিলাসদ্রব্য নয়: এগুলু মানুষের দৈনন্দিন জীবন, রান্নাবান্না, যাতায়াত, ব্যবসা-বানিজ্য, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকান্ডের অপরিহার্য উপাদান। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু সংশ্লিষ্ট খাতেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পরিবহন ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ের উপর পড়ে। শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় বোঝা বহন করতে হয় নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষকে।
একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা-এই বাস্তবতায় দুই মাসে এলপিজি সিলিন্ডারপ্রতি ৪৭৫ টাকা বৃদ্ধি এবং অটোগ্যাসের মূল্যবৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। জনগণের অর্থনৈতিক সক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় না নিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহন জনস্বার্থের পরিপন্থী। আর্ন্তজাতিক বাজারের অস্থিরতা বা আমদানি ব্যয়ের চাপের দোহাই দিয়ে বারবার সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনো গ্রহনযোগ্য দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। সংবিধানের ১৫ অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক প্রয়োজনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে। সুতরাং রাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্তে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক নিরাপত্তা ও মানবিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জাতীয় মানবাধিকার পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে নিম্নলিখিত দাবি জানানো হচ্ছে-
১। গত দুই মাসে এলপিজির ধারাবাহিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামন্জস্যপুর্ন মূল্য নির্ধারন করতে হবে।
২। অটোগ্যাসসহ সবধরনের জ্বালানির মূল্য নির্ধারণে স্বচ্ছতা, যৌক্তিকতা ও জনস্বার্থ নিশ্চিত করতে হবে।
৩। গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে জন্য কার্যকর বাজার তদারকি নিশ্চিত করতে হবে।
৪। নিম্নবৃত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের জনগোষ্ঠির জন্য বিশেষ মূল্যসুরক্ষা ও প্রয়োজনীয় ভর্তুকি ব্যবস্থা গ্রহন করতে হবে।
৫। জ্বালানি খাতের অনিয়ম, অপচয়, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতা দুর করে জনগণের ওপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জনগণের জীবনযাত্রা ক্রমাগত কঠিন করে তোলে-এমন কোনো নীতি রাষ্ট্রের কাম্য হতে পারে না। সরকারের কাছে জোরালো আহবান, জনদুর্ভোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুর্নবিবেচনা করুন। জনগণের মৌলিক চাহিদা, অর্থনৈতিক নিরাপত্ত ও মানবিক মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন।