তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ চট্টগ্রামের এক দম্পতি। বড় ছেলে ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যুর দুদিন পর রবিবার রাতে মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে দুই সন্তানের এমন মৃত্যুতে শূন্য হয়ে গেছে মোহাম্মদ কবির ও আমেনা বেগমের সংসার।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা এই দম্পতির ঘরে ৯ বছরের ব্যবধানে জন্ম নিয়েছিল দুই সন্তান। দুজনই ডেঙ্গু ও হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া ও মস্তিষ্কে সংক্রমণের জটিলতায় ভুগছিল। বড় ছেলেকে হারানোর পর ছোট সন্তানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাবা-মা। চিকিৎসকেরাও চালিয়েছিলেন আপ্রাণ চেষ্টা। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকেও।
দুই সন্তানকে হারিয়ে নির্বাক মা আমেনা বেগম। কীভাবে এই শোক সামলাবেন, বুঝে উঠতে পারছেন না বাবা মোহাম্মদ কবির।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম জানান, রবিবার রাত ১টার পর মোহাম্মদ আবু বক্করের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে মারা যায় তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাত।
দিদারুল আলম বলেন, দুই শিশুই ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়েছিল। পরে তাদের নিউমোনিয়া হয় এবং মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। শিশু দুটিকে বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হয়। পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় হাসপাতালের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল।
তিনি বলেন, একটি পরিবারের দুই সন্তানের এভাবে মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সোমবার দুপুরে বাবা মোহাম্মদ কবির বলেন, “বড় ছেলেটা চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেছি ছোট ছেলেটাকে বাঁচাতে। পারলাম না। আমার আর কিচ্ছু নাই ভাই; কী নিয়ে থাকব?”
যেভাবে অসুস্থ হয়ে পড়ে দুই ভাই
মোহাম্মদ কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন সপ্তাহ আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। প্রথমে তাকে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর নেওয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আরাফাতকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন পর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।
এর মধ্যে ছোট ছেলে আবু বক্করও অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় আরাফাত। পরদিন শনিবার আবু বক্করের শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও আইসিইউতে নেওয়া হয়। রবিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে পরিবার নিয়ে থাকতেন মোহাম্মদ কবির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর স্ত্রী আমেনা বেগম গৃহিণী।
দুই সন্তানকে ঘিরেই ছিল তাঁদের সংসার। অল্প সময়ের ব্যবধানে দুজনকেই হারিয়ে এখন গভীর শোকের মধ্যে দিন কাটছে এই দম্পতির।
আপনার মতামত লিখুন :