৩২ বছর পর সহপাঠীদের মিলনমেলা: চবি রসায়ন বিভাগের ২৪তম ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত


​কুমিল্লা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষা ও কর্মজীবনের নানা ব্যস্ততা পেরিয়ে আবারও এক ছাদের নিচে মিলিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা। গত ১৩ ও ১৪ নভেম্বর কুমিল্লার হোটেল ওয়েসিসে দুই দিনব্যাপী এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
​তিন দশকেরও বেশি সময় পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। পুরোনো দিনের স্মৃতিচারণ, ক্যাম্পাসের সেই চিরচেনা হাসি-আড্ডা, খুনসুটি আর গানে-গল্পে মুখর হয়ে ওঠে হোটেল ওয়েসিস প্রাঙ্গণ। সময়ের স্রোতে ও দূরত্বের ব্যবধানে হারিয়ে যাওয়া দিনগুলো যেন আবারও জীবন্ত হয়ে ওঠে এই মিলনমেলায়। মুহূর্তের মধ্যেই সবাই ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের সেই সোনালি দিনগুলোতে।
​দুই দিনের এই বর্ণাঢ্য আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করেন ব্যাচের একঝাঁক নিবেদিতপ্রাণ বন্ধু। আয়োজক কমিটির সদস্য হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন শামীম আহমদ, সৈয়দ জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, কাকন, সঞ্চিতা, আনোয়ার, সুবীরসহ আরও অনেকে। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​অনুষ্ঠানে আয়োজক ও উপস্থিত বন্ধুরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রথম পুনর্মিলনী কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না। বরং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও যোগাযোগের সেতুবন্ধন অটুট রেখে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে।
​‘বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক, রসায়নের বন্ধন ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে’—এমনই শুভকামনা ও স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে পর্দা নামে চবি রসায়ন ২৪তম ব্যাচের দুই দিনব্যাপী এই প্রাণের উৎসবের।