ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৮


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে মারা গেছেন একজন।

এ সময়ে দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক রোগী। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।