শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তরের বিষয়ে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এসব প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। ভারত সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকেও এ ধরনের তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য এলে বাংলাদেশ তা বিবেচনা করবে। কিন্তু কে কোথায় কী লিখল, তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কোনো পর্যায়ে শর্তের কথা জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।’

শামা ওবায়েদ আরও বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তবে শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানে দলটি একই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।