গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যও মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, মোতায়েন করা আনসার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক, মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধের পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।
এদিকে, সোমবার সকাল থেকে গোপালগঞ্জে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরাও।
এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আপনার মতামত লিখুন :