যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর ক্ষেত্রে ডিএফসির সহায়তা পাওয়ার পথও উন্মুক্ত হলো।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ডিএফসি। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

ডিএফসির বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সংস্থাটির বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদার এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় কাজ করছে সংস্থাটি।

বাংলাদেশ ডিএফসির অর্থায়নের আওতায় আসায় দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে যেসব প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলো এগিয়ে নেওয়া সহজ হতে পারে।

সংস্থাটির সহায়তায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবার আওতা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতেও ডিএফসির অর্থায়ন ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি এ সহযোগিতার অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের জন্য সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। এ অঞ্চলে বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী কয়েকটি অর্থনীতিও রয়েছে। এ কারণে কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।

ডিএফসি জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও উপস্থিতি সম্প্রসারণে কাজ করছে সংস্থাটি। অবাধ বাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বেসরকারি পুঁজি বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ্য।